কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নম্বর ওয়ার্ড শাখার সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুনূর রশিদ মিয়াজীকে মঞ্চে দেখা গেছে। উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়েরা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
এলাকাবাসীরা জানায়, গত রবিবার সকালে ঢালুয়া ইউনিয়নের বায়েরা গ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের মঞ্চে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি উপস্থিত ছিলেন। যার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয় ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খম জিল্লুর রহমান বলেন, ‘হারুনূর রশিদ মিয়াজী আমাদের ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বর্তমান কমিটির সহসভাপতির দায়িত্বে আছেন।’
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘জামায়াতে ইসলামী জনগণের দল। বৃহৎ রাজনৈতিক দল। এ সম্মেলনে আওয়ামী লীগ-বিএনপি সব দলের লোকজন অংশগ্রহণ করেন।’
এ প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান বলেন, ‘খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’