প্রশাসন নিরপেক্ষ করতে প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোসরদের অপসারণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা : প্রেক্ষিত টেক্সটাইল সেক্টর’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (জেটেব)।
জাহিদ বলেন, ‘আজকের (গতকাল) পত্রিকা খুললেই দেখবেন, একটা হত্যা মামলায় আওয়ামী লীগের দুজন নেতাকে আসামি করা হয়েছিল। তদন্ত কর্মকর্তারা যখন ফাইনাল রিপোর্ট দিতে যাচ্ছেন তখন আবার ওই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য সেটাকে প্রতিরোধ করেছে। আসামিদের নাম বাদ দেওয়া হচ্ছে। আসলে সব জায়গায় পতিত স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে। এজন্য আমরা অন্তর্বর্তী সরকারকে বারবার বলছি যে, আপনারা আপনাদের প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোসরদের যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন তাহলে এ রকম ঘটনা ঘটতেই থাকবে। আপনারা প্রতিরোধ করতে পারবেন না।’