রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও সচিবালয়ে ঢুকতে পারছিলেন না কর্মকর্তা-কর্মচারীরা। তবে সকাল ১০টার কিছুক্ষণ আগে থেকে সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রেসক্লাবের সামনে ও আশেপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, সচিবালয়ে মেট্রোরেল স্টেশন থেকে শুরু করে বিদ্যুৎ ভবন, ওসমানী উদ্যান এবং খাদ্য ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা ভিতরে প্রবেশের অপেক্ষা করছেন। পরে ৫ নম্বর গেট দিয়ে আগে নারী কর্মকর্তাদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পায় তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় একের পর এক ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে কাজ করার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
এদিকে, আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন। এছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন।