সম্প্রতি নেটদুনিয়ায় একটি বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে, ওয়ামিকা গাব্বিকে নাকি ঐশ্বরিয়া রাইয়ের মতো দেখতে। বর্তমানে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও ওয়ামিকাকে একটা সময় পার্শ্ব চরিত্রে দেখা যেত। 'জব উই মিট'-এ অভিনেত্রীকে করিনা কাপুরের বোনের ভূমিকায় দেখা গিয়েছিল। আর তার সঙ্গেই এখন মিস ওয়ার্ল্ডের তুলনা, তা দেখে রেগে আগুন ঐশ্বরিয়ার ভক্তরা।
এর সূত্রপাত হয় একটি ভিডিওকে কেন্দ্র করে। একজন নেটিজেন ‘বেবি জন’ মুক্তির আগে মুম্বাইয়ে ওয়ামিকার একটি ভিডিও পোস্ট করেছিলেন। আর অনেকেই সে ভিডিও দেখে অবাক হন এই ভেবে যে, তারা কীভাবে এর আগে ঐশ্বরিয়ার সঙ্গে ওয়ামিকার সাদৃশ্য খেয়াল করেননি। আর এই বিতর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেয় প্রাইম ভিডিও।
ওয়ামিকা গাব্বির সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের সত্যি কি মিল রয়েছে?
বুধবার সন্ধ্যায়, প্রাইম ভিডিও তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ঐশ্বরিয়া এবং ওয়ামিকার একটি করে ছবি পোস্ট করে। তারপর ক্যাপশনে লেখে, ‘হ্যাঁ আমরাও এটা দেখতে পাচ্ছি’।
আর এরপর অসংখ্য এক্স ব্যবহারকারী ওয়ামিকা ও ঐশ্বরিয়ার মধ্যে আদৌও কোনও মিল রয়েছে কিনা তা নিয়ে বিতর্কে জড়িয়ে পরে। একজন লেখেন, ‘একজন ঐশ্বরিয়া যথেষ্ট ছিলেন না মনে হয়, তাই ঈশ্বর ওয়ামিকাকে তার আধুনিক যুগের সংস্করণ হিসেবে তৈরি করেছেন।’ আরেকজন লেখেন, ‘ওয়ামিকার ওই ভিডিওটি দেখে আমি প্রথমে ঐশ্বরিয়ার ভেবেছিলাম, এতটা মিল সত্যি অদ্ভুত।’
অন্যদিকে, একজন ভক্ত লেখেন, ওয়ামিকা গাব্বিকে একজন হলিউড অভিনেত্রীর মতো দেখতে, তিনি লিখেছেন, ‘ওয়ামিকা গাব্বির মুখশ্রী এতটাই পাগল করা কী বলব! তিনি যেন ঐশ্বরিয়া এবং আনা দে আরমাসের মিশ্রণ।’
ঐশ্বরিয়ার-ভক্তরা অবশ্য ভিন্নমত পোষণ করেন। তাদের মতে ওয়ামিকা সুন্দরী, কিন্তু কোনও ভাবেই সাবেক মিস ওয়ার্ল্ডের মতো দেখতে নয়। এক ভক্ত লেখেন, ‘আপনারা যতই জোর করুন না কেন, ঐশ্বরিয়ার সঙ্গে ওয়ামিকার কোনও মিল নেই। ওয়ামিকা সুন্দরী, কিন্তু ঐশ্বরিয়া ঐশ্বরিয়াই।’
আরেকজন লিখেন, ‘ওয়ামিকা গাব্বিকে কেন ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে? ঐশ্বরিয়া দারুণ অভিনেত্রী। কিন্তু আমার মনে হয় তার অভিনয়ের কদর তিনি পায়নি, কারণ তার সৌন্দর্য্যেই সবটা ঢেকে গিয়েছে।’
আর এক ঐশ্বরিয়া -ভক্তের দাবি, ‘না, ওয়ামিকা গাব্বি মোটেই ঐশ্বরিয়া রাই নন। ঐশ্বরিয়া নব্বইয়ের দশকের সবার নজর কেড়েছিলেন, তার মতো আর কেউ হতে পারে না!’
কাজের সূত্রে, ঐশ্বরিয়া রাইকে সর্বশেষ ‘নন্দিনী’ চরিত্রে দেখা গিয়েছিল মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান: ১’ এবং ‘পোন্নিয়িন সেলভান: ২’-তে। অন্যদিকে, এই ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওয়ামিকা অভিনীত সর্বশেষ ছবি 'বেবি জন'। তিনি ছাড়াও তামিল ছবি থেরির রিমেকে বরুণ ধাওয়ান এবং কীর্তি সুরেশও প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। তিনি শীঘ্রই হিন্দিতে ‘দিল কা দরওয়াজা খোলা না ডার্লিং’ এবং পাঞ্জাবি ভাষায় ‘কিকলি’ এবং তামিল ভাষায় ‘জিনি’ ছবিতেও অভিনয় করতে চলেছেন।