চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।
তদন্তের স্বার্থে আটককৃত যাত্রীর পরিচয় প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর BG-148 ফ্লাইটের ভেতর ওই যাত্রীর হেফাজত থেকে দুই কোটি ৬০ লাখ টাকা মূল্যের এসব সোনার বার উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, স্বর্ণগুলো উক্ত যাত্রী বিমানের 9J সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছিলেন। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।