বড়দিনে রাজকুমার হিরানি পরিচালিত আইকনিক ছবি ‘থ্রি ইডিয়টস’ এর ১৫ বছর পূর্ণ হলো। এই উপলক্ষে অভিনেতা আর মাধবন এক ভক্তের আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তার ‘থ্রি ইডিয়টস’ সিনেমার চরিত্র ‘ফারহান কুরেশি’র জীবন বদলে দেওয়ার নিয়ে আলোচনা করা হয়।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে আমির খান, আর মাধবন, শারমান জোশি, কারিনা কাপুর খান, বোমান ইরানি, ওমি বৈদ্য এবং মোনা সিংয়ের অভিনয় দর্শকদের মুগ্ধ করে। ভারতীয় প্রকৌশল শিক্ষার পটভূমিতে তৈরি এই সিনেমা একদিকে তিন বন্ধুর বন্ধুত্বের গল্প বলেছে, অন্যদিকে সমাজের শিক্ষাক্ষেত্রের ওপর চাপানো চাপ এবং প্রত্যাশার প্রতি তীব্র সমালোচনা তুলে ধরেছে।
ছবিতে ফারহান কুরেশি চরিত্রে মাধবন একজন ফটোগ্রাফি-প্রেমী ছাত্রের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি তার বাবার ইচ্ছায় ইঞ্জিনিয়ারিং পড়তে বাধ্য হন। তবে আমির খানের চরিত্র র্যাঞ্চোর প্রেরণায় তিনি সাহস সঞ্চয় করে বাবাকে নিজের স্বপ্নের কথা জানান।
ভক্তের শেয়ার করা পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘মাধবন স্যার এই চরিত্রে অসাধারণ এবং অনবদ্য অভিনয় করেছেন। ফারহান কুরেশি চরিত্রটি বিশ্বের বহু মানুষের জীবনের প্রতিচ্ছবি। ফারহান হলো একটি আয়না, যা কোটি কোটি মানুষের আশা-স্বপ্নকে তুলে ধরে।’
বিশেষভাবে প্রশংসা করা হয়েছে সিনেমার ‘আব্বা নেহি মানেঙ্গে’ সংলাপের দৃশ্যটির, যেখানে ফরহান সাহস করে তার বাবার মুখোমুখি হয়ে নিজের ইচ্ছা জানায়। পোস্টে লেখা হয়েছে, ‘এই দৃশ্যটি অত্যন্ত হৃদয়স্পর্শী। এটি বহু মানুষের জীবনের বাস্তবতা প্রতিফলিত হয়েছে। ফারহানের এই সাহসিকতা আমাকে এবং অনেককেই প্রেরণা দিয়েছে নিজের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা বা পেশা হিসেবে গ্রহণ করার। আমি মাধবন স্যারের প্রতি কৃতজ্ঞ, যিনি এই চরিত্রটি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলে আমাদের জীবন বদলানোর অনুপ্রেরণা দিয়েছেন।’
বিদু বিনোদ চোপড়া প্রযোজিত থ্রি ইডিয়টস ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক। ৩৫-৪০ কোটির বাজেটে নির্মিত এই ছবি বিশ্বব্যাপী ৪৬০ কোটির ব্যবসা করে এবং মুক্তির সময়ে ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের খেতাব অর্জন করে।