ডাকাত আতঙ্কে রাতভর মাইকিং

কুমিল্লার বরুড়া উপজেলার মধ্যরাতে সবার মাঝে ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। এতে নির্ঘুম রাত কাটিয়েছে উপজেলার সকল বাসিন্দারা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত দেড়টায় এই আতঙ্কের সূত্রপাত হয়৷

সরেজমিন ঘুরে ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আড্ডা, আদ্রা, লক্ষীপুরসহ প্রায় সব ইউনিয়নেই মসজিদের মাইকে বলা হচ্ছিল এলাকায় ডাকাত এসেছে, সবাই যেন সর্তক থাকে।

স্থানীয়রা অনেকেই বলছে ডাকাত আতঙ্কের সূত্রপাত কচুয়া উপজেলা থেকে। কচুয়া উপজেলার সকল মসজিদে ডাকাত এসেছে ঘোষণা আসলে, পাশ্ববর্তী বরুড়া উপজেলায় এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত দেড়টার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও মসজিদের মাইকে সবাইকে সর্তক করার জন্য মাইকিং করা হয়। 

আদ্রা গ্রামের আবুল বাসার বলেন, আমরা মসজিদের মাইকে ডাকাত এসেছে শুনে রাস্তায় অবস্থান করেছি। প্রায় ২ ঘণ্টা রাস্তায় ছিলাম। 

লক্ষীপুর ইউনিয়নের ইসমাইল হোসেন বলেন, আমরা মাইকে ও ফেসবুক দেখে সবাই বাড়ির আশেপাশে লাঠিসোঁটা নিয়ে দাড়িয়ে ছিলাম। পরে মনে হলো বিষয়টি গুজব। 

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, বরুড়ায় কোনো ডাকাতির খবর আমরা পাইনি। পাশের উপজেলায় মাইকিং হওয়াতে বরুড়ার কয়েক ইউনিয়নে মাইকিং করেছে সর্তক থাকার জন্য।