জনপ্রিয় গায়ক ও র্যাপার হানি সিং সম্প্রতি তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বাদশাহ’র সমঝোতার প্রস্তাবকে ‘অসৎ’ বলে উল্লেখ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন যে বাদশাহ’র কোনো ধরনের ক্ষমাপ্রার্থনা তিনি গ্রহণ করবেন না।
হানি সিং বলেন, ‘অনেকেই আমাকে বাদশাহ’র সঙ্গে আমার বিবাদের বিষয়ে জিজ্ঞাসা করেন। কিন্তু লড়াই তখনই হয়, যখন দুই পক্ষ এতে জড়িত থাকে। গত দশ বছর ধরে একজন ব্যক্তি আমার বিরুদ্ধে কথা বলেছে, আমার অসুস্থতা নিয়ে মজা করেছে, আমার সম্মানহানি করার চেষ্টা করেছে। কিন্তু আমি কখনও এর জবাব দিইনি।’
তিনি আরও বলেন, ‘এ বছর, আমার ভক্তদের অনুরোধে আমি এই বিষয়ে মুখ খুলেছি। ভক্তরা বারবার বলছিলেন, ‘এটা আমাদের মর্যাদার বিষয়, আপনি কথা বলুন।’ তাই আমি কথা বলেছি। যদিও বাদশাহ ক্ষমা চেয়েছে এবং নিজের ভুল স্বীকার করেছে, কিন্তু আমি জানি তিনি আবার তার অবস্থান বদলে ফেলবেন। এমন লোককে আমি গুরুত্ব দিই না।’
প্রসঙ্গত, এ বছরের শুরুতে দেরাদুনে এক লাইভ পারফরম্যান্সের সময় বাদশাহ প্রকাশ্যে এই বিবাদ মিটিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার জীবনে একটা সময় ছিল, যখন আমি একজনের প্রতি ক্ষোভ পুষে রেখেছিলাম। তবে এখন আমি সেই অধ্যায়টা বন্ধ করে এগিয়ে যেতে চাই। সেই ব্যক্তি হানি সিং। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু আমি বুঝেছি, যখন আমরা একসঙ্গে ছিলাম, তখন অনেক মানুষ আমাদের ভাঙার চেষ্টা করেছিল। আজ আমি জানাতে চাই, আমি সব ভুলে এগিয়ে গেছি এবং আমি তাকে শুভকামনা জানাচ্ছি।’
ইয়ো ইয়ো হানি সিং এবং বাদশাহ তাদের ক্যারিয়ারের শুরুতে ‘মাফিয়া মন্দির’ নামে একটি র্যাপ গ্রুপের অংশ ছিলেন। এই গ্রুপটি একাধিক হিট গান উপহার দিয়েছিল। তবে, পরবর্তীতে এই গ্রুপ ভেঙে যায় এবং বিশেষত হানি সিং ও বাদশাহ’র মধ্যে প্রকাশ্য বিবাদ শুরু হয়। বর্তমানে, দুই তারকার ভক্তরা তাদের মিটমাটের আশায় থাকলেও, হানি সিং-এর সাম্প্রতিক মন্তব্যের পর সেই সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেছে।