বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (২৫ ডিসেম্বর) বিরামপুর থানা পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সীমান্তবর্তী কাটলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনাজপুর পুলিশ কোর্টে সোপর্দ করেছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, বিরামপুর উপজেলার চাপড়া বাজার এলাকার ওয়াকিল সরকারের ছেলে সুজন সরকারের (৩০) নামে জয়পুরহাট থানায় ২০২০ সালের ৫ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলার বিচারিক কার্য্যক্রম শেষে বিজ্ঞ জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত সম্প্রতি পলাতক সুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে বিরামপুর থানা পুলিশ ও র্যাব-১৩ দিনাজপুর এর সহায়তায় বুধবার দিবাগত গভীর রাতে কাটলা এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়।