দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে সচিবালয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। এই ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত ও উদ্বিগ্ন। গুরুত্বপূর্ণ নথি ধ্বংস হলে তা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। জনগণের মনে প্রশ্ন উঠেছে—দেশের প্রশাসনিক কেন্দ্র কতটা সুরক্ষিত?
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বরিশালের চরমোনাই মাদরাসা মিলনায়তনে দলের উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিষয়টি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সহ-প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এইচ এম সানাউল্লাহ্।
পরিকল্পিত অগ্নিকাণ্ডের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ভবনে এই অগ্নিকাণ্ড পরিকল্পিত হতে পারে। এজন্য শুধুমাত্র একটি তদন্ত কমিটি গঠন করে বসে থাকলে চলবে না। একাধিক ব্যক্তি ও সংস্থার মাধ্যমে গভীরভাবে তদন্ত চালাতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে কারণ খুঁজে বের করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়ে একটি পৃথক তদন্ত কমিটি গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাচ্ছি।
পীর সাহেব চরমোনাই সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কার্যক্রম নিয়ে অনুসন্ধানের তাগিদ দেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তাদের কর্মতৎপরতা ও দায়িত্ব পালনের বিষয়ে অনুসন্ধান চালাতে হবে। দায়িত্ব পালনে উদাসীনতা বা অবহেলা থাকলে তাদের আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত কন্ট্রাকটর ও কর্মকর্তাদের এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তাদের কঠোর বিচারের মুখোমুখি করতে হবে।
দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানিয়ে পীর সাহেব বলেন, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, সহ সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের প্রমুখ।