রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে সীমা আক্তার (২২) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ওহাব কলোনির একটি বাড়ির ৫ম তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা জানান, বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। দরজা ভেঙ্গে ভেতরে ঢুকতে হয়। মরদেহটি পঁচে ফুলে গিয়েছিল।
এসআই আরও জানান, ওই নারী রাজি নামের এক ব্যক্তির সাথে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। তবে ঘটনার পর থেকে কাউকে সেখানে পাওয়া যায়নি। নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মৃত নারীর বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায়। তার আত্মীয়-স্বজনদের খবর দেয়া হয়েছে।