বদিউল আলম

বিগত ৩ নির্বাচনে কারচুপির প্রশ্রয়দাতাদের শাস্তির সুপারিশ করবে কমিশন

বিগত ৩ নির্বাচনে কারচুপির প্রশ্রয়দাতাদের কমিশন শাস্তির সুপারিশ করবে বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার।

তিনি বলেছেন, যারাই নির্বাচনী অপরাধ করেছে, নির্বাচনকে বিতর্কিত করেছে, নির্বাচনে কারচুরির আশ্রয় নিয়েছে কিংবা কারচুপিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আশা উচিত। কারণ অন্যায় করে যদি পার পেয়ে যায়, তাহলে অন্যায়ে আরও উৎসাহী হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের এক মতবিনিময়সভায় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনকে বিতর্কিত করা ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। কারণ অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায় তাহলে অন্যায়কে উৎসাহিত করা হয়। কারচুপিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে কমিশন।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। কারণ ইভিএম খুবই দুর্বল যন্ত্র। তাছাড়া, নির্বাচনে কোনো যন্ত্র ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত খুবই জরুরি।

এ মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, এনজিও, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন অফিসের প্রতিনিধিরা অংশ নেন।