১০ মাস পর...

আপন গতিতে দুই বাংলায় সমানতালে কাজ করে চলেছেন জয়া আহসান। দেশের প্রেক্ষাগৃহে তার বছরটা শুরু হয়েছিল ‘পেয়ারার সুবাস’ দিয়ে। ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল নুরুল আলম আতিকের এই ছবিটি।

এর ঠিক ১০ মাস পর অর্থাৎ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ সিনেমা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার।

পরিচালক বলেন, সিনেমাটি প্রস্তুত ছিল, পরিকল্পনা ছিল ডিসেম্বরে বিজয়ের মাসে মুক্তি দেওয়ার। অন্যান্য বছর ডিসেম্বরে অনেক মুক্তিযুদ্ধের সিনেমা মুক্তি পায়। এই বছর মুক্তি পায়নি, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বছরের শেষ মুহূর্তে এসে আমার সিনেমাটি মুক্তি দিচ্ছি।

সিনেমাটির চিত্রনাট্য প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প। দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গেছে। পরে তারা নকশি কাঁথার মধ্যে তাদের জীবনের সংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তুলেন।

‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ছয় প্রেক্ষাগৃহে। সেই তালিকায় রয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার (মিরপুর), স্টার সিনেপ্লেক্স-বালি আর্কেড (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)। এই তালিকা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

‘নকশী কাঁথার জমিন’ সিনেমায় কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান।

এতে দুই বোনের চরিত্রে জয়া ও ফারিহা শামস সেঁওতি অভিনয় করেছেন। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।