বিপিএল-এর উদ্বোধনী আয়োজন

নজর কাড়লেন নীল

বিপিএল-এর দশম আসরের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ‘বিপিএল মিউজিক ফেস্ট’। যেখানে দেশীয় ব্যান্ড অ্যাভয়েড রাফা, মাইলস ও অন্যান্য শিল্পীদের পাশাপাশি মঞ্চ মাতিয়েছেন উপমহাদেশের অন্যতম শিল্পী রাহাত ফাতেহ আলী খান।

সেই আসরে সঞ্চালনা করে সবার নজর কেড়েছেন সময়ের জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরেজাহান। ২০১৮ সালে মাঠ থেকে বিপিএল উপস্থাপনা করলেও এবারই প্রথমবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করলেন তিনি।

প্রথমবারের মতো উদ্বোধনী আয়োজন উপস্থাপনা করায় উচ্ছ্বসিত নীল হুরেজাহান দেশ রূপান্তরকে বলেন, ‘এ রকম জাঁকজমকপূর্ণ আসর উপস্থাপনা করতে পারা অবশ্যই অত্যন্ত সম্মানের। এর জন্য বিসিবিকে ধন্যবাদ এত সুন্দর ও নিরাপদভাবে অনুষ্ঠানের আয়োজন করার জন্য।’

তিনি আরও বলেন, ‘শিল্পের তো কোনো ভাষা হয় না, সুরেরও কোনো ধর্ম হয় না। শিল্প এমন একটি মাধ্যম যা সীমারেখা পেরিয়ে মানুষকে কাছে আনে। বিপিএলের এই আয়োজনে এবার ভিন্ন ভিন্ন জনরা ছিল। যেমন আমাদের দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাভয়েড রাফা, মাইলস। আবার জেফার, মুজা, স্যানজয়। আর সবশেষে বড় আকর্ষণ ছিল ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের কাওয়ালি। সব কিছু মিলিয়ে দারুণ উপভোগ করেছি। তবে দিনশেষে চাইব এবারের বিপিএল জমে উঠুক। সব দলের জন্যই আমার শুভকামনা থাকবে।’

প্রসঙ্গত, প্রতি বিপিএল হোক কিংবা যেকোনো ঘরোয়া ও আন্তর্জাতিক সিরিজ, ক্রিকেট বিশ্বকাপ হোক বা ফুটবল বিশ্বকাপ— টিভি পর্দায় খেলাধুলার অনুষ্ঠান মানেই নীল হুরেজাহানের দুর্দান্ত উপস্থাপনা। এ ছাড়া বছরব্যাপী দেশে বিদেশে অন্যান্য বড় আয়োজনের উপস্থাপনাসহ, নিয়মিত টিভি শো তো আছেই। উপস্থাপনায় ব্যস্ততার পাশাপাশি তার দেখা মেলে অভিনয়েও। সেখানেও প্রতিভার চমক দেখিয়ে যাচ্ছেন এই সুন্দরী।