বলিউডের আলোচিত তারকা বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। পর্দায় একসঙ্গে জুটিও বেঁধেছেন। তবে শৈশবেও তাদের সম্পর্কে ছিল অন্য সমীকরণ। শৈশব থেকেই বন্ধু শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান। মাত্র আট বছর বয়সে বরুণকে ভালো লেগে যায় শ্রদ্ধার। মনের কথা প্রকাশও করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেই প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন বরুণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করলেন অভিনেতা। বরুণের কথায় উঠে আসে শ্রদ্ধার ১০ বছরের জন্মদিনের অনুষ্ঠানের ঘটনা। অভিনেতা বলেন, ‘শ্রদ্ধা আমাকে নিমন্ত্রণ করেছিল। ও একটা ফ্রক পরেছিল, মনে আছে। ওই জন্মদিনের অনুষ্ঠানেই চারটে ছেলে ছিল। তারা আবার শ্রদ্ধার প্রেমে পড়েছিল। হঠাৎ ওই চারজন ছেলে আমাকে ঘিরে ধরে। ওরা আমাকে জিজ্ঞেস করেছিল, ‘শ্রদ্ধাকে তোমার কেন পছন্দ হলো না? ’ অভিনেতার কথায়, ‘কিশোরী বয়সে শ্রদ্ধা খুব সুন্দরী হয়ে ওঠে। আমরা আলাদা স্কুলে পড়তাম। ওর স্কুলে ডান্ডিয়া নৃত্যের প্রতিযোগিতা ছিল। আমি যোগ দিয়েছিলাম। আমি ভুল করে একজনকে লাঠি দিয়ে আঘাত করে ফেলেছিলাম। তারপর নিজেই ভয়ে লুকিয়ে পড়ি। দেখতে পাই, একটা মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। ওই মেয়েটাই ছিল শ্রদ্ধা কাপুর। সেই দিন ওকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। ওর প্রেম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য সেদিন অনুশোচনা হয়েছিল।’