বক্সিং ডেতে মেলবোর্ন টেস্টে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। ১০ ওভার যেতে না যেতেই অভিষিক্ত স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে বসলেন বিরাট কোহলি। ১৯ বছর বয়সী অজি ওপেনারের কাছে কোহলি আবার ভীষণ প্রিয় ক্রিকেটার। খেলার ফাঁকে জানিয়েছেন, কোহলির বিরুদ্ধে অভিযোগ নেই। বিতর্কের মধ্যেই কাজের কাজটা ঠিকই করেছেন অজি ব্যাটাররা। দিন শেষে তাদের সংগ্রহ ৮৬ ওভারে ৬ উইকেটে ৩১১ রান, এই টেস্টে রান বন্যার আভাস পাওয়া গেল প্রথম দিনেই।
কনস্টাস আর উসমান খাজার ওপেনিং জুটিতে আসে ৮৯ রান। অভিষেক ইনিংসেই ৫২ বলে ফিফটি তুলে নেন কনস্টাস। রবীন্দ্র জাদেজার শিকার হওয়ার আগে খেলেন ৬৫ বলে ৬ চার এবং ৩ ছক্কায় খেলেন ৬০ রানের ঝলমলে ইনিংস। বিশেষ করে জাসপ্রিত বুমরার ওপর তিনি যেভাবে চড়াও হয়ে স্কুপ, রিভার্স স্কুপ খেলেছেন, সেটা গোটা ক্রিকেটবিশে^ই প্রশংসিত হয়েছে। আরেক ওপেনার উসমান খাজা ১২১ বলে ৫৭ রান করে বুমরার শিকার হন।
তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথ আর মার্নার্স লাবুশানে ৮৩ রানের জুটি গড়েন। লাবুশানে ১৪৫ বলে ৭২ রানের ইনিংস খেলেন। চোট কাটিয়ে ফিরে রান পাননি ট্রাভিস হেড। বুমরার বলে মারেন ‘গোল্ডেন ডাক’। মিচেল মার্শকেও ৪ রানে ফেরান বুমরা। আকাশ দীপের শিকার হওয়ার আগে অ্যালেক্স ক্যারি করেন ৪১ বলে ৩১। স্টিভেন স্মিথ ১১১ বলে ৬৮ এবং অধিনায়ক প্যাট কামিন্স ৮ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।
ধাক্কার ঘটনা নিয়ে ড্রিংকস ব্রেকের সময় সম্প্রচারকারী চ্যানেলে কনস্টাসের কাছে জানতে চাওয়া হয় কোহলি কী বলেছিল। কনস্টাস বলেন, ‘মনে হয় আমরা দুজনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা। গ্লাভস ঠিক করছিলাম, এর মধ্যেই কাঁধে ধাক্কা খাই। মাঠে এসব হতেই পারে। এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক।’
ধাক্কা দেওয়ার এই ঘটনায় সমালোচিত হচ্ছেন কোহলি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ফক্স ক্রিকেট ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, ‘কোহলি ওই মুহূর্তের কথা মনে করে গর্ব অনুভব করবে না। কনস্টাস স্রেফ হেঁটে যাচ্ছিল। কোহলিকে দেখুন, সে তার পথের দিক পাল্টেছে। যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন এবং সর্বকালের সেরা কিংবদন্তিদের একজন হিসেবে কোহলি অবশ্য কৃতকর্ম নিয়ে ভাববে।’ অবশ্য এতে ১৯ বছর বয়সী কনস্টাসের দোষও দেখছেন অনেকে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন, ‘সরে গেলে কেউ ছোট হয়ে যেত না। প্রথমে মনে হয়েছিল যে, দুজনেই নিচে তাকিয়ে ছিল। এখন দেখার বিষয়, কাকে বেশি জরিমানা দিতে হয়।’
আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনারকে পিচের মধ্যে ধাক্কা দেওয়ায় চার আম্পায়ার কোহলির বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, সেটি আমলে নিয়ে ভারতীয় তারকার বিরুদ্ধে শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের দায়ে কোহলিকে তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ভারতের ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য ১৫ লাখ রুপি ম্যাচ ফি পেয়ে থাকেন। ২০ শতাংশ হিসেবে কোহলিকে মেলবোর্ন টেস্টে ৩ লাখ রুপি জরিমানা দিতে হবে।