ভারতের বিপক্ষে স্টিভেন স্মিথের সেঞ্চুরির রেকর্ড

আবারও সেঞ্চুরি করলেন স্টিভেন স্মিথ। ভারতের বিপক্ষে চলতি মেলবোর্ন টেস্টে তার সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৭৪ রানে অল-আউট হয়েছে অস্ট্রেলিয়া। এই নিয়ে ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করলেন স্মিথ। গড়লেন ভারতের বিপক্ষে যে কোনো দেশ মিলিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্মিথ অপরাজিত ছিলেন ৬৮ রানে। আজ শুক্রবার তিনি ১৬৭ বলে তিন অক স্পর্শ করেন। আকাশ দীপের বলে অদ্ভুতভাবে বোল্ড হওয়ার আগে করেন ১৯৭ বলে ১৩ চার ৩ ছক্কায় ১৪০ রান। এটা তার ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি, মেলবোর্নে পঞ্চম, ভারতের বিপক্ষে ১১তম আর অস্ট্রেলিয়ার মাটিতে ১৮তম। এর মাধ্যমেই তিনি জো রুটের একটি রেকর্ড নিজের করে নিয়েছেন।

এতদিন ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১০টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের। দশ সেঞ্চুরি করতে তার ৫৩ ইনিংস লেগেছিল। স্মিথ ৪৩ ইনিংসেই তাকে ছাড়িয়ে গেলেন। এর আগে ব্রিসবেন টেস্টেও স্মিথ ১০১ রানের ইনিংস খেলেছিলেন। স্মিথ ছাড়াও অজিদের হয়ে ফিফটি করেছেন অভিষিক্ত স্যাম কনস্টাস (৬০), মার্নার্স লাবুশানে (৭২) আর উসমান খাজা (৫৭)। অধিনায়ক প্যাট কামিন্স ৪৯ রানে রবীন্দ্র জাদেজার বলে আউট হন। জবাবে নিজেদের প্রথম ইনিংস শুরু করেছে ভারত।