দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ শ্রমিকের

পাবনার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আ. লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সাঁথিয়াগামী মালবাহী ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।