সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা সিকান্দার-এর টিজার আজ ২৭ ডিসেম্বর, প্রকাশ হওয়ার কথা ছিল। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুর কারণে টিজার প্রকাশ একদিন পিছিয়ে ২৮ ডিসেম্বর সকাল ১১:০৭-এ নির্ধারণ করা হয়েছে।
নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট, সিনেমাটির প্রযোজক সংস্থা, আজ সকালে সামাজিক মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির প্রয়াণে আমরা দুঃখিত। তাই সিকান্দার টিজারের মুক্তি স্থগিত করা হয়েছে। ২৮ ডিসেম্বর, সকাল ১১:০৭-এ টিজারটি মুক্তি পাবে। জাতির শোকের সময়ে আমরা তাদের পাশে আছি। ধন্যবাদ আপনাদের সমর্থনের জন্য।’
ভক্তরা প্রযোজকদের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। একজন টুইটারে লিখেছেন, ‘কোনো সমস্যা নেই, আমরা অপেক্ষা করব। টিজারটি নিশ্চই অসাধারণ হতে চলেছে!’ অন্য একজন লিখেছেন,‘এটা সত্যিই চমৎকার একটি উদ্যোগ। একদিন অপেক্ষা করাই যায়।’ এর আগের দিন, সালমান খানের একটি রহস্যময় পোস্টার শেয়ার করা হয়। কালো স্যুটে সালমান খান, হাতে একটি বর্শা নিয়ে দাঁড়ানো, তার স্বাক্ষরিত পাথরের ব্রেসলেটসহ এই পোস্টার ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।
সিনেমাটি পরিচালনা করছেন এআর মুরুগাদোস এবং প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সালমান ও রাশমিকার পাশাপাশি ছবিতে থাকছেন সত্যরাজ, প্রতীক বব্বর, কাজল আগরওয়াল এবং শর্মন জোশি। সিকান্দার মুক্তি পাবে ২০২৫ সালের ঈদে।