নারায়ণগঞ্জে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি 

চাঁদপুরের মেঘনা নদীর মাঝেরচরে এমভি আল বাখেরা জাহাজের ৭ জন শ্রমিক হত্যার বিচার ও আসল ঘটনা উদঘাটন এবং নিহত শ্রমিকদের জীবনের আয় সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান, আহত শ্রমিকের সুচিকিৎসা, নৌপথে শ্রমিক হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জেও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর থেকে সব ধরনের পণ্যবাহী নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পালন শুরু করেছেন। শীতলক্ষ্যার তীরে জাহাজ নোঙ্গর করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার বলেন, আকাশ মণ্ডল ওরফে ইরফান কর্তৃক সারবোঝাই পণ্যবাহী এমভি আল বাখেরা জাহাজের ৮ জন স্টাফকে ঠাণ্ডা মাথায় যেভাবে কুপিয়েছে এবং বিশাল একটি জাহাজ একাই চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এতে মনে হয় এটা তার একার কাজ হতে পারে না। আমরা এই ঘটনার প্রকৃত রহস্য এবং এর সঙ্গে অন্য কারা কারা জড়িত ছিল সেটা সরকারের প্রশাসনের সঠিক তদন্ত দাবি করছি।

শ্রমিকরা জানান, এ ঘটনার পর চাঁদপুর নৌরুটে সব ধরনের নৌশ্রমিকরা নিরাপত্তারহীনতায় রয়েছেন। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।