বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের এক বাড়িতে গিয়ে ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে অর্থ দাবির অভিযোগে থানা পুলিশ ওমর ফারুক (৩৫) নামে এক ভুয়া ডিএসবি পুলিশকে আটক করে। তিনি দিনাজপুর সদরের পাঁচকুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, আটক ভুয়া ডিএসবি পুলিশকে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনাজপুর পুলিশ কোর্টে সোপর্দ করেছেন।
মামলা সূত্রে প্রকাশ, দিনাজপুর সদরের পাঁচকুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩৫) বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের বকুল হোসেনের বাড়িতে গিয়ে নিজেকে একজন ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে বৃহস্পতিবার বিকেলে অর্থ দাবি করে। এ সময় পরিচয়পত্র দেখাতে বললে ওমর ফারুক বিভিন্ন হুমকি প্রদর্শন করেন। তখন গ্রামের লোকজন জড়ো হয়ে ফারুককে আটক করে এবং ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে থানা পুলিশ সেখানে গিয়ে ওমর ফারুককে জিজ্ঞেস করলে তিনি ভুয়া ডিএসবি পুলিশ বলে স্বীকার করেন। পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেন। এ ঘটনায় বকুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।