অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কারমুখী মানুষকে আইনশৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, চাকরির নিশ্চয়তা না দিয়ে বিপথে নিয়ে যাবেন না। সর্বোত্তম পেতে গিয়ে আমরা যেন উত্তমকে হারিয়ে না ফেলি।
তিনি আরো বলেন, পিছিয়ে পড়া, নদীভাঙনের মধ্যে থাকা, আদিবাসী, দলিত সম্প্রদায়, নারী-পুরুষের ভেতরে বিভেদ, ধর্মীয় চিন্তার ভেতরে বিভেদ, লিঙ্গ পরিচয়ের কারণে বিভেদ- সেই মানুষগুলোর বেঁচে থাকা, কথা বলা, সমাবেশ করা, জীবিকা নির্বাহ করার অধিকার থাকবে- সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে। সেই ঐক্যের বাংলাদেশ আমাদের গড়তে হবে। একটা ন্যূনতম জায়গায় আমাদের একমত হতে হবে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চললেও বাকি মানুষ কোথা থেকে মহার্ঘ ভাতা পাবে সেই আলোচনা শোনা যায় না। এ ছাড়া শিক্ষিত যুবসমাজের জন্য কোনো ভাতার প্রচলন হবে কি না, সেটাও শোনা যায় না।
সংস্কার খুব বড় স্বপ্ন। ঐক্য দরকার উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে আমাদের যেতে হবে। কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে৷ সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না। এগুলোর দিকে মনোযোগ দিতে হবে। উপরি আলোচনা করেন, কিন্তু মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তার কথা ভুলে যাবেন না।'
সংস্কারের ব্যাপারে তিনি বলেন, কাঠামোগত এবং প্রশাসনিক বিষয়ে অনেক আলোচনা হচ্ছে, তবে আমার কাছে ঘাটতি লাগে যতখানি উপরিকাঠামো নিয়ে আলোচনা হচ্ছে, দেশের তথা সমাজের ভিত্তি নিয়ে ওতখানি আলোচনা হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।