লামার পুড়িয়ে দেওয়া ত্রিপুরাপল্লি পরিদর্শন করলেন পার্বত্য উপদেষ্টা

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ত্রিপুরাপল্লি পুড়িয়ে দেওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ডলুছড়ি মৌজার টংগাঝিরি এলাকার পূর্ব বেতছড়া পাড়ায় পরিদর্শনে যান তিনি ।

এ সময় তিনি বলেন, পার্বত্য এলাকা এমনিতেই খুব সেনসিটিভ। এ ছাড়াও বার্মা এ এলাকা থেকে বেশি দূরে নয়। ওইখানে খুব গোলমাল চলছে। ওইখানের গোলমাল যেন এ দিকে না আসে এ বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই এলাকার পাহাড়ি বাঙালি যারা আছেন সবার নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায় এটা নিয়ে আমরা দিন রাত চিন্তা করি। এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। যে অধিকারটা গত সরকারের সময় ছিল না বলে আমরা মনে করি।

ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ডের বিষয়ে পার্বত্য উপদেষ্টা বলেন, এ রকম অগ্নিকাণ্ড আমরা নিন্দা জানাই। এ মানুষগুলো এভাবে উদ্বাস্তু হয়ে গেল আমরা তা কখনও চাই না। ভুক্তভোগীদের যে কোনোভাবে সাহায্য করব। ক্ষতিগ্রস্তদের সহায়তায় খুব দ্রত সময়ে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।

তিনি বলেন, এইভাবে জমিগুলো হাতছাড়া হচ্ছে, দখল হচ্ছে। বৈধ-অবৈধভাবে দখল করছে। এই দেশ চলে আইনের উপরে, অধিকারের উপরে।

পরিদর্শনকালে তার সাথে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

এর আগে গত মঙ্গলবার রাতে পূর্ববেতছড়া পাড়ায় ১৬টি ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন পাড়ার বাসিন্দারা সবাই গির্জায় বড়দিনের উৎসবে ছিলেন। পাড়ায় কোন লোকজন ছিল না। এ ঘটনার পর গত বুধবার রাতে লামা থানায় মামলা হয় এবং চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়াও বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পূর্ববেতছড়া পাড়া পরিদর্শন করেন। তারা পোড়াভিটা পরিদর্শন করেন।