শ্রীদেবী এবং বনির বিয়ে হয় ১৯৯৬ সালে। এটি ছিল বনির দ্বিতীয় বিবাহ, তার প্রথম স্ত্রী ছিলেন মোনা শৌরি। এক সাক্ষাৎকারে বনি তাদের সম্পর্কের গভীরতা, চ্যালেঞ্জ এবং শ্রীদেবীর প্রতি তার আজও অটুট প্রেমের কথা তুলে ধরেন। বনি জানান, সম্পর্কের শুরুতে সবকিছু খুব সুন্দর মনে হলেও, সময়ের সঙ্গে সম্পর্কের গভীরতা এবং পারস্পরিক বোঝাপড়ার পরিবর্তন আসে। তিনি বলেন, ‘শুরুতে আপনি সবকিছুই করতে চান, যা আপনার সঙ্গীকে খুশি করবে। কিন্তু সাত বছর পর সত্যিকারের বোঝাপড়া শুরু হয়। তখন সঙ্গীর পছন্দ-অপছন্দ সম্পর্কে আপনি আরও সচেতন হন। আমাদের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য ছিল আমি উত্তর ভারতের পাঞ্জাবি, আর শ্রী ছিলেন দক্ষিণ ভারতের মেয়ে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।’
শ্রীদেবীর প্রতি তার ভালোবাসা আজও অম্লান উল্লেখ করে বনি বলেন, ‘আমরা কখনো একে অপর থেকে বিচ্ছিন্ন হইনি। আমি তার প্রেমে ছিলাম, আছি এবং আজীবন থাকব। এমন একজন মানুষ, যিনি সুন্দরী ও জনপ্রিয়তার শীর্ষে থেকে আপনার জীবনের সঙ্গী হতে চেয়েছিলেন, তার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।’ প্রতারণা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বনি কাপুর বলেন, ‘আমি কখনো শ্রীদেবীর সঙ্গে প্রতারণা করিনি। তার জন্য আমাকে অন্য দিকে তাকানোর প্রয়োজন হয়নি। তিনি ছিলেন আমার সবকিছু।’
তিনি আরও যোগ করেন, ‘আজও আমার নারী বন্ধু থাকতে পারে, আমি হয়তো তাদের প্রতি আকৃষ্টও হতে পারি। তবে শ্রীদেবীর প্রতি আমার ভালোবাসা এবং আবেগ কখনোই কমবে না। বিপরীত স্বভাবের মানুষ প্রথমে একে অপরের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। শ্রীদেবীর সঙ্গে আমার জীবন ছিল এমনই।’
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তার মৃত্যু বনির জীবন এবং বলিউডে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।