পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু হানিফ (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গত শুক্রবার রাতে দুমকি-বরিশাল সড়কের দপদপিয়া জিরো পয়েন্টের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুমকি সরকারি জনতা কলেজ মাঠে চলমান ডে-নাইট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা শেষে নিজ মোটরসাইকেলে বরিশালের বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুমের আকস্মিক মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার নিজ গ্রামের বাড়ি দশমিনা উপজেলার মাছুয়াখালীতে শোকের মাতম চলছে। আজ শনিবার সকাল ৯টায় পবিপ্রবি ক্যাম্পাসে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দশমিনার মাছুয়াখালী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।