হঠাৎ ট্রেনে চড়ে কোথায় গেলেন নোরা ফাতেহি?

বলিউড তারকারা সাধারণত দামি গাড়ি কিংবা বিমানে সফর করেন। তবে এবার গন্তব্যে পৌঁছাতে ট্রেনে চড়লেন অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু কেন তিনি হঠাৎ ট্রেনের সফর করলেন?

জানা গেছে, এ মুহূর্তে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন তিনি। নোরার টিমের এক সদস্যের বিয়ে হচ্ছে। মহারাষ্ট্রের রত্নগিরি শহরে বিয়ের অনুষ্ঠান। কোনো গাড়ি নয়, ট্রেনে চড়ে সেখানে হাজির হয়েছেন নোরা ফাতেহি।

দলের সদস্যের বিয়েতে গিয়েই ফিরে আসেননি অভিনেত্রী। সেখানে থেকে সব অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সংগীত থেকে শুরু করে গায়েহলুদের অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নোরা। সেই বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীকে নাচতেও দেখা গেছে। হলুদ শাড়িতে সেজে হবু বরকে হলুদ মাখিয়ে দিয়েছেন নোরা। দুই পরিবারের সদস্যদের সঙ্গে খোশগল্পে মেতেছেন তিনি।

গত আট বছর ধরে অনুপ নামের ওই সদস্য অভিনেত্রীর ছবি ও ভিডিও তোলার কাজ করেন। নিজের দলকে নোরা পরিবারের মতোই মনে করেন। তাই অনুপের বিয়েতে শুরু থেকেই তিনি উপস্থিত ছিলেন। নোরার এই পদক্ষেপ ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। তাদের একাংশের মতে, সারা বছর যারা একজন তারকার জন্য পরিশ্রম করেন, তাদের পাশেও তারকাদের এভাবেই দাঁড়ানো উচিত।

উল্লেখ্য, আগামী বছর নোরার বেশ কয়েকটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে আসার কথা রয়েছে। পাশাপাশি অভিষেক বচ্চন অভিনীত একটি ছবিতেও অভিনয় করছেন নোরা ফাতেহি।