জুলিয়েট খ্যাত অভিনেত্রী অলিভিয়া হাসি মারা গেছেন। গতকাল শুক্রবার ৭৩ বছর বয়সী এ অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ১৯৬৮ সালে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান অলিভিয়া। সিনেমায় শুটিংয়ে তার বয়স ছিল মাত্র ১৫। ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয় এ অভিনেত্রীকে। সে বছর সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন তিনি।
উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অবলম্বনে নির্মিত ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নির্মাণের পরিকল্পনার পর থেকেই প্রধান দুই চরিত্রে তরুণ কাউকে খুঁজছিলেন পরিচালক ফ্রাঙ্কো জেফিরেলি। একদিন তিনি মিস জোয়ান ব্রডির ‘প্রাইম’ নাটকের প্রদর্শনীতে যান। যেখানে ভেনেসা রেডগ্রেভের বিপরীতে অভিনয় করেছিলেন অলিভিয়া হাসি। মঞ্চে অভিনেত্রীর পারফরম্যান্সে মুগ্ধ হন জেফিরেলি। ১৫ বছর বয়সী অলিভিয়া হাসিকে এরপরই এ চরিত্রের জন্য প্রস্তাব দেন
সিনেমায় ‘রোমিও’ চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা লিওনার্ড হোয়াইটিং। তখন অভিনেতার বয়স ছিল ১৬ বছর। ১৯৬৮ সালের অস্কারে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সেরা সিনেমা, সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। সেবার সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা কস্টিউম বিভাগে অস্কার জয় করে সিনেমাটি।