না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ময়মনসিংহ উদীচীর চলচ্চিত্র সম্পাদক, প্রগতিশীল সংস্কৃতিকর্মী আরিফুল ইসলাম হাবীব। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। আজ ২৮ ডিসেম্বর ভোর সাড়ে তিনটার দিকে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আরিফুল ইসলাম হাবীব ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) যোগদান করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিবি ময়মনসিংহ জেলা কমিটি। একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে।
সরকারী অনুদানে নির্মিত প্রদীপ ঘোষের চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’য় যুক্ত ছিলেন আরিফুল ইসলাম হাবীব। কাজ করেছেন উপ-মহাদেশের কিংবদন্তীতূল্য কমিউনিস্ট বিপ্লবী কমরেড ভূপেশ গুপ্তের তথ্যচিত্র নিয়ে। এছাড়া তিনি অসংখ্য মঞ্চনাটকে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে শোক নেমে এসেছে।