‘মনমোহনকে সম্মান, প্রণবকে কেন নয়?’ ফুঁসলেন মেয়ে শর্মিষ্ঠা

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির দাবিতে সরব কংগ্রেস। অথচ সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর স্মৃতিসৌধ দূরের কথা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে ন্যূনতম শোকপ্রস্তাবও দেওয়া হয়নি। বাবার সেই বঞ্চনা নিয়ে এবার চড়া আক্রমণ করলেন প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

শর্মিষ্ঠা বলছেন, ‘বাবা যখন মারা গেলেন কংগ্রেস শোকপ্রকাশের জন্য ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকারও প্রয়োজন বোধ করেনি।’ শুধু তাই নয়, এ নিয়ে কংগ্রেস মিথ্যাচার করে বলেও অভিযোগ।

সোশ্যাল মিডিয়ায় শর্মিষ্ঠার দাবি, ‘দলের এক বড় নেতা আমাকে বলেছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতিদের জন্য এভাবে শোকপ্রকাশ করা হয় না। কিন্তু সেটা পুরোপুরি বাজে কথা। বাবার ডায়েরি থেকে আমি জেনেছি কে আর নারায়ণের মৃত্যুর পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়। আর শোকপ্রকাশের খসড়া আমার বাবা নিজেই লিখেছিলেন।’

প্রণব মুখোপাধ্যায় কংগ্রেস থেকে যোগ্য সম্মান পাননি এ অভিযোগ নতুন নয়। ২০০৪ সালে সোনিয়া যখন প্রধানমন্ত্রী হতে অস্বীকার করলেন তখন ভারত মোটামুটি ধরেই নিয়েছিল প্রণববাবুই প্রধানমন্ত্রী হচ্ছেন। কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার নিজের বইয়ে সেই সময়ের উল্লেখ করেছেন। কিন্তু অজ্ঞাত কারণে সোনিয়া গান্ধী প্রণবের বদলে মনমোহনকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন। তখন থেকেই কংগ্রেসের বিরুদ্ধে প্রণবের সঙ্গে বঞ্চনার অভিযোগ ওঠে।

এদিন শর্মিষ্ঠা বিজেপি নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি চক্রবর্তী রাজা গোপালাচারীর নাতি সি আর কেশবনের একটি পোস্ট শেয়ার করেন। সি আর কেশবন আবার প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন। কেশবন মনে করিয়ে দেন, কংগ্রেস ১০ বছর ক্ষমতায় থাকাকালীন নরসিমা রাওয়ের স্মৃতিসৌধ তৈরি করেনি। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্মৃতিশোধ তৈরি করেন। সেই কংগ্রেসই মনমোহনের স্মৃতিসৌধ নিয়ে এত কথা বলছে।’