আবাহনীর জয়, রহমতগঞ্জের ৬ গোল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগের রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়েছিল আবাহনী। জয়ের ধারা অব্যাহত রেখেছে আবাহনী। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে।

আবাহনীর দুটি গোলের একটি করেছেন আরমান ফয়সাল আকাশ অন্যটি উইঙ্গার শাহরিয়ার ইমন।

ম্যাচের ২৩ মিনিটে মানিক মোল্লাকে কাটিয়ে রবিউল হাসান বাঁ পায়ে পাস দিয়েছিলেন, আকাশ চলতি বলেই কোনাকুনি শটে গোল করেন। ৮৮ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে ইমন পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে গোল করে ব্যবধান বাড়ান।

এদিকে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রহমহগঞ্জ ৬-১ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। দলের হয়ে বোয়েটেং ২টি, তাজ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, সাব্বির হোসেন রাজন হাওলাদার একটি করে গোল করেছেন।

লিগে আবাহনী ৫ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সমান ম্যাচে পুলিশ এফসি ৬ পয়েন্টে ষষ্ঠ স্থানে। রহমতগঞ্জও চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে দ্বিতীয় স্থানে। ইয়ংমেন্স ৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে।