১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা কায়কোবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় দেশের মাটিতে পা রাখেন তিনি।

এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানাতে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী আন্দোলনের, আলেম-ওলামা, পেশাজীবী, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

জানা গেছে, শনিবার সৌদি আরব থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। এ সময় ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মুরাদনগরে এ নেতাকে। এ সময় বিমানবন্দর এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

কায়কোবাদ বিমানবন্দরে অবতরণের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। তাকে স্বাগত জানাতে মুরাদনগর উপজেলা থেকে ৪০০ বাস ও দুই সহস্রাধিক মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় আসে।