এবারের বিপিএলে বিদেশি তারকাদের মধ্যে সবচেয়ে বড় নাম শাহিনশাহ আফ্রিদি। পাকিস্তানের এ পেসারকে এ মৌসুমে দেখা যাবে ফরচুন বরিশালের জার্সিতে। আজ মিরপুরের একাডেমি মাঠে দলের অনুশীলনের পর গণমাধ্যমকে জানিয়েছেন কীভাবে তামিম ইকবালের এক ফোন কলেই বরিশালের জন্য খেলতে ছুটে এসেছেন তিনি।
গণমাধ্যমে শাহিন বলেন, 'বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই (তামিম ইকবাল) যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে।'
বড় তারকা হওয়ার পরও শাহিন নিজের দিকে পুরো মনোযোগ নিতে চান না, 'সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করবো।'