তাবলিগ জামাতের সাদপন্থী গ্রুপের নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। কাসেমের বাড়ি ঢাকার সাভার এলাকায়।
টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি গ্রেপ্তার হওয়া কাসেম।
নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহম্মেদ জানান, জিয়া বিন কাসেমের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা রয়েছে।
ওসি বলেন, জিয়া বিন কাসেমকে গ্রেপ্তারের সময় গাজীপুরের টংগী পশ্চিম থানার মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাকে গাজীপুরের টঙ্গী থানায় হস্তান্তর হয়েছে।