সচিবালয়ে প্রবেশ করতে অস্থায়ী পাসের আবেদন গ্রহণ করার জন্য বিশেষ সেল গঠন করা হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার জন্য ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে।
এতে আরও জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত সেলে দায়িত্ব পালনের জন্য সংযুক্ত করা হয়েছে।
এর আগে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত একটি সাময়িক নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া সাংবাদিকদের অনুকূলে দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।