মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে যাদব ঘৃত ভাণ্ডারে ঢুকে কর্মচারী গৌতম বসুকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তপনকে (৩৮) আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৮) বিকালে মাদারীপুর সদর থানার পুরান বাজার সংলগ্ন স্বর্ণপট্টি মেইন গলিতে এ ঘটনা ঘটে।
নিহত গৌতম সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামের হারান বসুর ছেলে এবং আটক তপন সদর উপজেলার বনগাঁ গ্রামের সানিন্দের ছেলে। বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করছেন।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গৌতমকে ধারালো দা দিয়ে ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন তপন। আহতাবস্থায় গৌতমকে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন বলেন, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আসামি তপনকে আটক করা হয়েছে এবং মরদেহের সুরতহাল রিপোর্টসহ যাবতীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।