উপজেলা বিএনপির কর্মীসভা

‘গণ-অভ্যুত্থান না হলে ওসি হতে পারতাম না’

কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির কর্মী সভামঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেছেন, ‘১৫-১৬ বছর কীভাবে, কোথায় ছিলেন আপনারা আমার চেয়ে ভালো জানেন। কোথায়, কীভাবে কষ্ট করেছেন। আপনারা ঠিকমতো বাড়িতে থাকতে পারেন নাই। আমি পুলিশ, হয়তো আরেকজন ছিল। আমাকে বাধ্য করেছে। হয়তো আমাকে দেখে আপনারা বলছেন, এ বড় বড় কথা বলে। আসলে না। আমিও ওই রকম নির্যাতিত ছিলাম। ৫ তারিখের গণ-অভ্যুত্থান না হলে আমি এখানে ওসি হতে পারতাম না। এটা আমি সব সময় বলি এবং স্বীকার করি।’

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খোকসা উপজেলার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির কর্মীসভার মঞ্চে ওসি শেখ মঈনুল ইসলাম এসব কথা বলেন।

শুক্রবার দুপুরের পর ওসির ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকেই সচেতন মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একটি রাজনৈতিক দলের দলীয় সভামঞ্চে ওসির এমন বক্তব্যকে অপেশাদার ও শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন তারা।

২ মিনিট ৪৪ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিতে ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার পরে আপনারা এ পর্যন্ত আসতে পেরেছেন। এখন আপনারা এক জায়গায় হতে পারছেন, মন খুলে কথা বলতে পারছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, যে সুযোগটা আসছে, সেই সুযোগটা সদ্ব্যবহার করেন। এমন কোনো কাজ কইরেন না যে আপনাদের মধ্যে থেকে তৃতীয় পক্ষ কোনও সুযোগ নিতে পারে।’

‘এ প্রোগ্রামটা আপনাদেরই। আমি পুলিশ কেন আসব। তারপরও আমি আসলাম। আমার থানার সামনে, আসতে হবে। মনও চায় আসতে। মনেরও টান দেয় যে এখানে একটু কথা বলি। আসলে সব সময় তো সব কথা বলা যায় না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, কেউ কোনও ঝামেলা করবেন না। আমরা আপনাদের সেবায় এখানে আছি। যতটুকু পারি আমাদের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করব। সব হিংসা-বিদ্বেষ ভুলে যান। আপনাদের মধ্যে যদি হিংসা থাকে তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। এই সুযোগ আর দেওয়া যাবে না।’

তবে এ বিষয়ে ফোনে আলাপকালে ওসি শেখ মঈনুল ইসলাম তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন ‘বিএনপির দুই পক্ষকে থামাতে ওই মঞ্চে উঠে এমন বক্তব্য দিয়েছি, এ ছাড়া আমার অন্য কোনও উদ্দেশ্য ছিল না।’

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ আলাপকালে জানান, বিষয়টি নজরে এসেছে। কী বক্তব্য দিয়েছে সেটা তার (ওসি) ব্যক্তিগত ব্যাপার। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।