নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় ৫ পুলিশ আহত, গ্রেপ্তার ৫ 

নারায়ণগঞ্জ শহরের জিমখানায় ফের পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে জিমখানা রেলওয়ে কলোনিতে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে এ হামলা চালানো হয়।

এ সময় অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় মাদক কারবারি আলম চানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে সদর থানা পুলিশের সদস্যরা আরিফ নামে এক মাদক ব্যবসায়ীতে ধরতে আসলে জিমখানার মাদক সম্রাট আলম চান তাতে বাধা প্রদান করে। এ সময় পুলিশ আলম চান আরিফ ও নাসির নামে আরও একজনকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়ার সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের গাড়িতে কয়েক দফা হামলা চালায়।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি বলেন, এই আলম চান পুরো জিমখানা বস্তির মাদক ব্যবসা পরিচালনা করে। ওকে কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না। আলম চানের বিরুদ্ধে ২টি ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

এতে গাড়ির চালকের পাশের গ্লাস ভেঙে চালক আহত হন। এসময় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, হামলার খবর পেয়ে পরে পুরো জিমখানা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাকি হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগেও জিমখানা কলোনিতে বন্দরের মদনগঞ্জ থানার এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এছাড়া প্রায়শই জিমখানায় ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় সন্ত্রাসীদের।