বাসে-বাসে রেষারেষি, থামল দুই যাত্রীর প্রাণ নিয়ে

দুই বাসের মধ্যে রেষারেষি হচ্ছিল। তা নিয়ে ঝামেলাও বেধে যায় চালকদের মধ্যে। এক পর্যায়ে একটি বাসের স্টিয়ারিং হাত দিয়ে ঘুরিয়ে দেয় অন্য বাসের চালক। আর তারই খেসারত দিতে হলো দুই যাত্রীকে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পরপর কয়েকটি টোটোকে পিষে যাত্রীদের বিশ্রামাগারে ঢুকে যায়। রক্তে লাল হয়ে যায় বাস টার্মিনাস। 

ঘটনাটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের। টিভি৯ বাংলা জানিয়েছে, এদিন ইসলামপুরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। তাদের একজন যুবক। অন্যজন ১০ বছর বয়সী এক কিশোরী। কমপক্ষে ৮ জন এই ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন। স্থানীয়রাই তাদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে ভর্তি করেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল, পুলিশ। তারাও উদ্ধারকাজে হাত লাগান। প্রত্যক্ষদর্শী কানাইয়ালাল আগরওয়াল জানান, বাস দুটি  রাস্তাতেই একে অপরের সঙ্গে রেষারেষি শুরু করে। একটা বাস পেছনে ছিল। সে এগিয়ে এসে আগের বাসের ড্রাইভারের সামনে চলে আসে। ওই বাসের চালক সঙ্গে সঙ্গে এই বাসের চালককে চেপে ধরেন। স্টিয়ারিং ঘুরিয়ে দেন। তাতেই আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি অন্য বাসের চালক। মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা।