সেই রব্বানীর পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান

নীলফামারীতে ক্রসফায়ারের শিকার বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে বাড়ি এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে তিন জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার রব্বানীর পরিবারকে নতুন বাড়ি উপহার দেওয়া হবে। এ উপলক্ষে গত শুক্রবার রাতে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা হয়েছে।

সভায় জানানো হয়, আগামী সোমবার বেলা ২টায় গোলাম রব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। নীলফামারী সদরের লক্ষ্মীচাপের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হবে।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক (রংপুরের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল হাবিব দুলু, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এতে সভাপতিত্ব করবেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এদিকে, চব্বিশের গণআন্দোলনে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল।