আইজিপি বললেন

অপরাধ কমাতে পুলিশের কাছে ম্যাজিক নেই

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘দীর্ঘসময় ধরে যেসব পুলিশ কর্মকর্তা বঞ্চিত ছিলেন, তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে। পদোন্নতির পরই বঞ্চিত পুলিশ কর্মকর্তারা অবসরে যাবেন। পুলিশের যেসব কর্মকর্তার চাকরি ১০-১২ দিন আছে, তাদেরও পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে।’ গতকাল শনিবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওয়া) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমি নিজে অবসরে গিয়েছিলাম। আবার দায়িত্ব পেয়েছি। কতটুকু দায়িত্ব পালন করতে পারব, জানি না। তবে চেষ্টা করব, আপনাদের সাহায্য ও পরামর্শ চাই। বিদায়ের সময় যেন সম্মানটা নিয়ে যেতে পারি। পুলিশের অন্য যে কর্মকর্তারা বিভিন্ন সময় লাঞ্ছিত-বঞ্চিত ছিলেন, তাদের সন্তানদের কাছে গৌরবের কথা যাতে বলতে পারেন, তাই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘অপরাধ কমাতে পুলিশের কাছে ওইভাবে কোনো “ম্যাজিক” নেই। ঢাকাসহ সারা দেশে চুরি, ছিনতাই ও হত্যাকা- বেড়েছে। এসব অপরাধ কমাতে আপনারা দেখছেন আমরা কী কী ব্যবস্থা নিচ্ছি। সারা দেশের পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন কী অবস্থা এবং কোথা থেকে উঠে এসে আমাদের কাজ করতে হচ্ছে। পুলিশ বাহিনীকে জাগিয়ে তোলা, আস্থা ও মনোবল ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি। আমরা চাই মানুষের আরও কাছে যেতে। মানুষ আমাদের আরেকটু সহযোগিতা করুক, গ্রহণ করুক। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি। তারা যেন আমাদের কমিউনিটির কাছে নিয়ে যেতে আরেকটু প্রচেষ্টা চালান। আমি মনে করি, এটা ছাড়া পুলিশ এককভাবে ক্রাইম (অপরাধ) উই ক্যান নট ফাইট ইট, তবে আমরা চেষ্টা করছি।’

একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ, তাই এখনো বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিজেদের পুলিশ অফিসার পরিচয় দিতে লজ্জাবোধ করছি।’