সালমান খানের হাসিমুখ দেখতে বড় ঝুঁকি নিয়েছে ভারতের শীর্ষ ধনী আম্বানী পরিবার। সালমানের ঘনিষ্ঠদের উপরেও হামলা চালাচ্ছে কুখ্যাত লরেন্স বিশ্নোইয়ের গ্যাং। সেসবের তোয়াক্কা না করে ২৭ ডিসেম্বর ভাইজানের জন্মদিনে আম্বানীদের রিসোর্ট জামনগরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
ভাইজান জামনগরে আসছেন, খবর ছড়াতেই বিমানবন্দরের সামনে তিল ধারণের জায়গা ছিল না। কালো পোশাকে মুড়ে, নিরাপত্তারক্ষীদের বেষ্টনির মধ্যে থেকেই হাসিমুখে সালমান হাত নাড়েন উপস্থিত সকলের উদ্দেশে।
জন্মদিনের রাত প্রতিবারের মতোই রঙিন। আম্বানী পরিবারের নিরাপদ ঘেরোটোপে সন্ধ্যা গাঢ় হতেই আকাশে আতসবাজির রোশনাই। রিসোর্টের গেটের উপর লেখা ‘শুভ জন্মদিন ভাই’। নেপথ্যে বেজেছে, তার ‘কিক’ ছবির গান ‘জুম্মে কি রাত হ্যায়’।
প্রতি বছর সালমানের জন্মদিনের পার্টি হয় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে, নয় তার বোন অর্পিতা খানের বাড়িতে। জন্মদিনের আগের রাতেই অনেক সময় অর্পিতার বাড়িতে চলে যান সকলে। এ বছরেও সেসব হয়েছে। তবে সালমানের বাড়িতে। সেখানে টেবিলে রকমারি কেকের সারি। ভাগ্নি আর মামার এক তারিখে জন্মদিন। সেখানে পরিবারের সকল সদস্যর উপস্থিত ছিলেন।