তিন দফা দাবিতে জাহাঙ্গীর গেটে চাকরিচ্যুত সেনা সদস্যদের অবস্থান

চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পূর্ববর্তী সরকারের সময় চাকরিচ্যুত সেনা সদস্যরা।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্লাটফর্ম 'সহযোদ্ধা'র ব্যানারে তারা রাজধানীর জাহাঙ্গীর গেট মোড়ে অবস্থান নেন। পূর্ববর্তী সরকারের আমলে বৈষম্য ও অনিয়মের কারণে চাকরি হারিয়েছেন বলে অভিযোগ তাদের।

চাকরি ফেরত, পেনশনের সুবিধা ও সামরিক আইন সংস্কার, এই তিন দফা দাবি জানান আন্দোলনরতরা।

সকাল ১১টার দিকে বিক্ষোভকারীদের 'সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত' শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে দাঁড়িয়ে 'উই ওয়ান্ট জাস্টিস'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে চাকরিচ্যুত সেনা সদস্যদের অবস্থান কর্মসূচীর কারণে জাহাঙ্গীর গেটের সামনের সড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ।