আর্থিক খাতের সবাই পুরোপুরি দায়িত্ব পালন করতে পারেনি: গভর্নর

ব্যাংকসহ দেশের আর্থিক খাত গত ৫৩ বছরে অনেকদূর এগিয়েছে। তবে যতদূর এগোনোর কথা ছিলো, ততোদূর এগোতে পারেনি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রবিবার বিআইবিএমের সুবর্ণজয়ন্তী -২০২৪ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, দেশের আর্থিক খাত আশানুরূপ এগোতে পারেনি। আমাদের সবার আলাদা আলাদা দায়িত্ব ছিলো৷ সবাই হয়তো সেই দায়িত্ব পালন করতে পারিনি। তবে বিষয়টি নিয়ে আত্মসমালোচনা করা দরকার।

তিনি আরো বলেন, ব্যাংকিং ট্রেনিংয়ের পাশাপাশি নৈতিকতা বোধ বৃদ্ধির চর্চা চালু করতে হবে। তা নাহলে অর্থই অনর্থের মূলে পরিণত হবে। কারণ ব্যাংক পরিচালনার জন্য অভিজ্ঞতার পাশাপাশি সৎ, মানবিক ও নৈতিক ব্যাংকারের প্রয়োজন।

গভর্নর বলেন, আন্তর্জাতিক ব্যাংকিংয়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এজন্য সবুজ ব্যাংকিং ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্ব দেয়া দরকার। কেন্দ্রীয় ব্যাংকে অনেক ফান্ড পড়ে আছে, এগুলো নিতে ব্যাংকগুলো আগ্রহ দেখায় না। এ জায়গায় থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, ব্যাংক খাতের নতুন চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে জলবায়ু ও গ্রীণ ফাইন্যান্সিং নিয়েও বিআইবিএমকে কাজ করতে হবে। সাসটেইনেবল ফাইন্যান্স বাদ দিয়ে ব্যাংক খাত এগিয়ে যাওয়া সম্ভব না। এজন্য এসএমই ও গ্রীণ ফাইন্যান্স নিয়ে ট্রেনিং দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবেশ বান্ধব হ‌ওয়ার দিকে এগোতে হবে।

বেসরকারি খাতের সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, বিআইবিএম থেকে ২০২৪ সালে সিটি ব্যাংকের কর্মকর্তারা ১৭ হাজার ২৮ ঘণ্টা ট্রেনিং পেয়েছে। বিআইবিএম থিংক ট্যাংক থেমে নেই। সময়ের সাথে সাথে বদলাচ্ছে।

এছাড়াও তিনি বলেন, বিআইবিএম ভালো প্রতিষ্ঠান ও কর্মকর্তা গড়ার আধার। এখান থেকে কর্পোরেট সুশাসন, ঋণ বিতরণ সহ আর্থিক খাতের সকল বিষয় শিখতে পারে।