সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এছাড়াও সাতজন আহত হয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন সময় উপজেলার এসকে এম জুট মিল, বগুলা বাজার ও শীতলপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের এসকেএম জুট মিল গেট এলাকার মহাসড়কে ধান মাড়াই এর একটি মেশিনকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এই ঘটনায় ধান মাড়াই মেশিনের উপরে থাকা দুজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন- নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মোহাম্মদ খোকন (৩০) ও নেত্রকোনা সদর উপজেলার মোহাম্মদ রানা (৩৫)। এই ঘটনায় আরও তিন জন শ্রমিক আহত হন।

অপর ঘটনায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় বিকাল চারটার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. তাইজুদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভোলা জেলার ভোলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে। 
নিহতের বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন বলেন, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। 

এ দিকে অপর এক ঘটনায় সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় বেলা তিনটার দিকে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় সিএনজি অটো রিক্সা উল্টে চার জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।