শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় একটি ইসলামপন্থী দল: রিজভী

দেশের অন্যতম ইসলামপন্থী একটি রাজনৈতিক দল প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নামে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ইসলাম ধর্মের নামে রাজনীতি করার মানে তো বারবার মোনাফেকি করা নয় এ কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠন, রাষ্ট্র পরিচালনা, সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় ফিরে আসা এবং ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথানত করেনি।

এ সময় তিনি বলেন, চব্বিশের ৫ আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর ৫ আগস্টের পর ব্যাংক দখল করছে একটি ইসলামি দল।

রুহুল কবির রিজভী দৃঢ়তার সঙ্গে বলেন, ১৬ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল ‘জুলাই-আগস্ট’র বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে দেশের শ্রমজীবী ৯৭ জন মানুষ শহীদ হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে। সফল হয়েছে শিক্ষার্থী-জনতার গণঅভুত্থান।