কাল থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। আসর শুরুর ২৪ ঘন্টা আগেও অনিশ্চিত ছিল কোন দলকে নেতৃত্ব দেবেন কে। অবশেষে একেবারে শেষ সময়ে এসে জানা গেলো ফ্রাঞ্চাইজিগুলোর নেতৃত্বে থাকছেন কারা।
আজ সন্ধ্যার পর খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স তাদের অধিনায়কের নাম প্রকাশ করে। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অলরাউন্ডার আরিফুল হককে অধিনায়ক ঘোষণা করে সিলেট স্ট্রাইকার্স। আর খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেবেন ঘরের ছেলে মেহেদী হাসান মিরাজ।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন তিনি। গত আসরে এই দলটির অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। এবার তিনি খেলছেন দুর্বার রাজশাহীতে। সেখানেও নেতৃত্ব পেয়েছেন তিনি। বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো এবং সদ্যই রংপুর বিভাগকে এনসিএল টি-টোয়েন্টির শিরোপা জেতানো আকবর আলী দলে থাকলেও দলটির সহ-অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে।
আগের নেতৃত্বই বহাল আছে বরিশাল ও রংপুরে। গতবার শিরোপা জেতানো তামিম ইকবালকে এবারও নেতৃত্বে রেখেছে ফরচুন বরিশাল। কিছুদিন আগেই গ্লোবাল সুপার লিগ জেতানো নুরুল হাসান সোহানের কাঁধেই থাকছে রংপুর রাইডার্সের দায়িত্ব।
ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে থাকছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এর আগে আরও ছয়টি আসরে খেললেও এবারই প্রথম অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। আর সাকিব আল হাসানকে পাওয়ার অনিশ্চয়তার মাঝে চিটাগং কিংসের নেতৃত্বভার উঠেছে মোহাম্মদ মিঠুনের কাঁধে।
বিপিএল ২০২৫ এর ৭ অধিনায়ক
ঢাকা ক্যাপিটালস > থিসারা পেরেরা
চিটাগং কিংস > মোহাম্মদ মিঠুন
ফরচুন বরিশাল > তামিম ইকবাল
দুর্বার রাজশাহী > এনামুল হক বিজয়
খুলনা টাইগার্স > মেহেদী হাসান মিরাজ
রংপুর রাইডার্স > নুরুল হাসান সোহান
সিলেট স্ট্রাইকার্স > আরিফুল হক