স্বপ্নগুলোকে সত্যি করার পথ দেখিয়েছে

দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। তবে তার পরিচয় আরও বড় হয়েছে। নির্মাতার বাইরে তিনি একজন প্রযোজক। তিনি দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করে এবার বড় পর্দায় যাত্রা করেছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বছরে নতুনভাবে পথ চলার অপেক্ষায় আছি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। রাজীব সেখানে লিখেছেন, বছরের শেষ প্রান্তে এসে মনে হচ্ছে, কত কিছুই না ঘটেছে এ বছর। জীবন আমাদের ছোট ছোট স্বপ্নগুলোকে সত্যি করার পথ দেখিয়েছে।

এ বছর তিনি কান চলচ্চিত্রে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিলেন। তিনি লিখেছেন, পৃথিবীর সেরা মঞ্চে দাঁড়ানোর সেই মুহূর্তটা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন স্মৃতি বয়ে বেড়ানোর মতো আনন্দ হয়তো খুব কমই পাওয়া যায়।

তারপর এলো কোক স্টুডিও। এই কাজ পরিচালনার অভিজ্ঞতাটাও অসাধারণ ও ইউনিক। জীবনের সবচেয়ে বড় টিম নিয়ে কাজ করেছি, বিশাল সব সেটে শুট করেছি আর দর্শকদের ভালোবাসায় ভরে যাওয়া সেই কাজ আমার জন্য বিশাল একটা অর্জন। প্রত্যেক নির্মাতাই চান সিনেমা বানাতে। রাজীবের ভাষায়, এরপর এলো ‘প্রিয় মালতী’ প্রযোজনা। একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যা আমরা বুকের সবটুকু ভালোবাসা দিয়ে বানিয়েছি।

এটা নিয়ে আমরা সুন্দর সব ফেস্টিভ্যাল ট্রাভেল করলাম, আর শেষে বাংলাদেশে মুক্তি পেল। মুক্তির পর পাওয়া পজিটিভ সাড়ায় মনে হলো, আমাদের লক্ষ্য ছিল একদম সঠিক মিডল ক্লাস টার্গেট অডিয়েন্সের কাছে সিনেমাটি ঠিকভাবে পৌঁছাতে পেরেছি।

এ ছাড়া কিছু দারুণ টিভি বিজ্ঞাপন বানানোর সুযোগ হয়েছে। পুরনোদের পাশাপাশি নতুন ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে গিয়ে বেশ কিছু বন্ধুত্ব গড়ে উঠেছে। জীবন চলার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের এই বন্ধুত্বগুলো যে আস্তে আস্তে পরিবারের মতো হয়ে ওঠে, সেটা আরও গভীরভাবে অনুভব করেছি।

সবচেয়ে মজার ব্যাপার হলো, সাংবাদিক আর মিডিয়ার সামনে আসতে আমি কখনোই স্বচ্ছন্দ ছিলাম না, কারণ আমি বরাবরই পেছনের মানুষ, পেছনেই থাকতে ভালো লাগে।

সর্বশেষ তিনি লিখেছেন, এ বছর অনেক কিছু শিখিয়েছে, অনেক ভালোবাসা পেয়েছি। জীবনটা আরও একটু সুন্দর হয়ে উঠেছে। নতুন বছরে নতুন স্বপ্ন আর পুরনো বন্ধুদের নিয়ে নতুনভাবে পথচলার অপেক্ষায় আছি।