দাম্পত্য জীবনের ২৩ বছর পার করে দিয়েছেন অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না। গতকাল রবিবার ইনস্টাগ্রামে টুইঙ্কেলকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে একটি মজার ভিডিও শেয়ার করেছেন অক্ষয়।
ভিডিওর শুরুতে লেখা, ‘সবাই আমার স্ত্রীকে যা ভাবে’। এরপর দেখা গেছে, টুইঙ্কেল খান্না বাড়িতে একটি চেয়ারে করে বই হাতে বসে মনোরম আবহাওয়া উপভোগ করছেন। চুলে হাত দিয়ে বিলি কাটছেন অক্ষয় ঘরনি, ফুরফুরে সেই পরিবেশে তার সামনের টেবিলে সাজানো একটা জ্বলন্ত মোমবাতি, চায়ের কাপ। পরে টুইঙ্কেলকে ড্রয়িং রুমে মনের আনন্দে নাচতে দেখা গেছে ওই ভিডিওতে।
কালো টপ এবং সবুজ প্যান্টে মন খুলে নাচলেন টুইঙ্কেল, ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ও টিনা ও টিনা গান’।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অক্ষয় লিখেছেন, ‘টিনা তুমি শুধু কোনো একটা ম্যাচ নও; তুমিই আসল খেলা। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে আমার পেটব্যথা না হওয়া পর্যন্ত হাসতে হয়, কীভাবে রেডিওতে প্রিয় গান বাজলে মন থেকে সেটা গাইতে হয় এবং কীভাবে নাচতে হয়। সত্যিই তোমার মতো কেউ নেই।’
এর আগে ‘কথি উইথ করণ’র মঞ্চে বিয়ে নিয়ে কথা বলেছিলেন অক্ষয়। ‘মেলা’ সিনেমা ফ্লপ না হলে নাকি টুইঙ্কেলের সঙ্গে তার বিয়েটাই হতো না। প্রেমিকের বিয়ের প্রস্তাব বারবার নাকচ করে দিয়েছিলেন টুইঙ্কেল। এরপর ‘মেলা’য় মন দেন অভিনেত্রী।
অক্ষয় বলেন, ‘টিনা ভীষণ কনফিডেন্ট ছিল ‘মেলা’ হিট হবে। আমাকে পাল্টা বলেছিল, যদি এই ছবিটা না চলে, তবেই আমি তোমাকে বিয়ে করব। সৌভাগ্যবশত ‘মেলা’ চলেনি। আর ও আমাকে বিয়ে করে নেয়’।