বলিউডের আইকনিক গায়িকা আশা ভোসলে আবারও প্রমাণ করলেন, শিল্পের বয়স হয় না। সম্প্রতি এক কনসার্টে তিনি পরিবেশন করলেন করণ আউজলার জনপ্রিয় গান ‘তওবা তওবা’, যা ভিকি কৌশলের সিনেমা ‘ব্যাড নিউজ’ এর অংশ। শুধু গান নয়, আশা ভোসলে ৯১ বছর বয়সে ভিকি কৌশলের বিখ্যাত হুক স্টেপ মিলিয়ে নাচও করলেন।
একটি ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকদের সামনে গানটি পরিবেশনের সময় তার স্বতঃস্ফূর্ততা ও দক্ষতা যেন মঞ্চে নতুন মাত্রা যোগ করেছে। গানের প্রতি তার ভালোবাসা ও পারফরম্যান্সে উপস্থিত দর্শকরা অভিভূত হয়ে পড়েন এবং মুগ্ধতার করতালিতে মঞ্চ মুখরিত হয়। গানটির স্রষ্টা করণ আউজলাও তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই পারফরম্যান্স নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘আশা ভোঁসলে জি, সংগীতের জীবন্ত দেবী, আমার লেখা গান গাইলেন। একজন গ্রামীণ ছেলের লেখা গান, যে কোনোদিন সংগীত শিক্ষা পায়নি বা কোনো যন্ত্র বাজানো শেখেনি। এটি আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত’। তিনি আরও লেখেন, ‘এই গানটি অনেক ভালোবাসা পেয়েছে, কিন্তু এই মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে অনন্য। এটি আমাকে ভবিষ্যতে আরও ভালো গান তৈরি করতে অনুপ্রাণিত করবে। আমি গানটি ২৭ বছর বয়সে লিখেছিলাম, আর তিনি ৯১ বছর বয়সে আমার থেকেও গানটি ভালো গাইলেন!’
ভিকি কৌশল, ত্রিপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমার এই গানটি করণ আউজলা নিজেই লিখেছেন এবং সুর করেছেন। এর মজাদার লিরিক্স, ভিকি কৌশলের নাচ এবং ত্রিপ্তির উপস্থিতি গানটিকে রাতারাতি হিট করে তোলে। বছরের শেষ দিকে এমন একটি উপহার পেয়ে আশা ভোসলের ভক্তরাও উচ্ছ্বসিত।