দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল

কমিটি গঠনের ১১ দিন পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা বিএপির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শেখ সেলিম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

পত্রে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিদ্ধান্ত ক্রমে ৮নং ওড়াকান্দি ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ১৯ ডিসেম্বর তারিখ গঠিত ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাতিল করা হলো।

এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা বিএপির সাধারণ সম্পাদক শেখ সেলিম বলেন, গত ১৯ ডিসেম্বর ৯ সদস্য বিশিষ্ট ওড়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু এ আহ্বায়ক কমিটির বিপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় কমিটি বাতিল করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, কমিটির বিরুদ্ধ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় উপজেলা বিএনপি ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করেছে।